মানুষের জীবন বিকাশের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে অভিযোজনের জন্য বিভিন্ন উপাদানের মধ্যে বিকাশ একটি অন্যতম উপাদান। বিকাশকে বিশ্লেষণ করলে বিকাশের বিভিন্ন সংজ্ঞা (5 definitions of development) বা বিকাশ কাকে বলে, বৈশিষ্ট্য ও মূলনীতি প্রভৃতি পরিলক্ষিত হয়।
আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। বিকাশ বলতে কোন একটি নির্দিষ্ট দিককে সীমাবদ্ধ করে না। এটি ব্যক্তির সার্বিক বা সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে শিশু সর্বাঙ্গীন বিকাশ হল – দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, চারিত্রিক বিকাশ প্রভৃতি। এখানে বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য এবং বিকাশের মূল নীতি গুলি কি কি তা আলোচনা করা হলো।
বিকাশ কাকে বলে | 5 Definitions of Development
বিকাশ হল ব্যক্তির মধ্যে ধনাত্মক ক্রমপরিবর্তন যেটি শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই বিকাশ বলতে বোঝায় ব্যক্তির ক্রিয়াগত পরিবর্তনের ধারাকে। যার মাধ্যমে ব্যক্তি নির্ভুলভাবে কোনো কাজ করার ক্ষমতা অর্জন করে থাকে।
বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিকাশকে সংজ্ঞায়িত করেছেন, সেগুলি হল –
1. বিশিষ্ট মনোবিদ Berk বলেছেন – শিশুর জীবনে সারা জীবনব্যাপী যে সমস্ত পরিবর্তন আসে, তাই হল বিকাশ।
2. মনোবিদ Woolfolk বলেছেন – ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিবর্তন আসে, তার নির্দিষ্ট কিছু অংশ হলো বিকাশ।
3. Webster‟s Dictionary অনুযায়ী – বিকাশ হল ধারাবাহিক পরিবর্তন যা একটি জীব একটি ভ্রূণীয় পর্যায় থেকে পরিপক্কতার দিকে অগ্রসর হয়। (“Development is the series of changes which an organism undergoes in passing from an embryonic stage to maturity.”)
4. বিশিষ্ট মনোবিদ Crow and Crow (1965) বলেছেন – বিকাশ বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত পরিস্থিতির ফলে আচরণের পরিবর্তনের সাথে সম্পর্কিত। অর্থাৎ “Development is concerned with growth as well as those changes in behavior which results from environmental situation.”
5. আবার মনোবিদ Hurlock বলেছেন – “Delopment is progressive series of orderly, coherent changs”.
তাই বলা যায়, বিকাশ হল একটি নির্দিষ্ট স্তরভিত্তিক, স্থায়ী, গুণগত, ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তনের প্রক্রিয়া যা নির্দিষ্ট ক্রম মেনে চলে।
বিকাশের বৈশিষ্ট্য
বিকাশের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
1. বিকাশ হল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া।
2. বিকাশ হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া.
3. বিকাশ ধনাত্মক পরিবর্তনের প্রক্রিয়া।
4. বিকাশ সারা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ এটি সারাজীবন ধরে ধারাবাহিক ভাবে চলে।
5. বিকাশ সর্বদা স্তরভেদে পরিবর্তিত হয়।
বিকাশের নীতি গুলি কি কি | Principles of Development
বিভিন্ন মনোবিদগণ বিকাশের নীতিগুলি বিভিন্ন দিক থেকে উল্লেখ করেছেন। বিকাশে যে সমস্ত মূলনীতি বর্তমান, সেগুলি হল –
১. বিকাশ হল ক্রমানুযায়ী (Development is Sequential)
বিকাশ সাধারণত একটি নির্দিষ্ট ক্রম বা ধারাকে অনুসরণ করে। একটি স্তরের বিকাশ সম্পন্ন হওয়ার পর তার ভিত্তির ওপর পরবর্তী স্তরের বিকাশ ঘটে। যেমন—শিশু প্রথমে মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, পরে বসতে, হামাগুড়ি দিতে এবং শেষ পর্যন্ত হাঁটতে শেখে। অর্থাৎ বিকাশের বিভিন্ন ধাপের মধ্যে একটি স্বাভাবিক ক্রম বজায় থাকে।
২. বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল (Result of Interaction between Heredity and Environment)
ব্যক্তির বিকাশ শুধুমাত্র বংশগত বৈশিষ্ট্য বা শুধুমাত্র পরিবেশের প্রভাবে ঘটে না; উভয়ের পারস্পরিক প্রভাব এতে কাজ করে। বংশগতি ব্যক্তির সম্ভাবনা ও কিছু মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তি তৈরি করে, আর পরিবার, বিদ্যালয়, সমাজ, পুষ্টি ও অভিজ্ঞতা সেই সম্ভাবনাকে বিকশিত করতে সাহায্য করে। তাই বংশগতি ও পরিবেশের সম্মিলিত প্রভাবেই ব্যক্তির সামগ্রিক বিকাশ ঘটে।
৩. বিকাশ হল ধারাবাহিক (Development is Continuous)
বিকাশ জন্মের পর থেকে শুরু হয়ে জীবনের বিভিন্ন পর্যায়ে ক্রমাগত চলতে থাকে। শারীরিক বিকাশের পাশাপাশি জ্ঞানীয়, ভাষাগত, সামাজিক ও আবেগীয় বিকাশও ধীরে ধীরে পরিবর্তিত হয়। বিকাশের প্রতিটি পর্যায় পূর্ববর্তী পর্যায়ের ওপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যায়। তাই বিকাশকে একটি অবিচ্ছিন্ন ও চলমান প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়।
৪. বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয় (Development Proceeds from Centre to Periphery)
শিশুর শারীরিক বিকাশ সাধারণত দেহের কেন্দ্রীয় অংশ থেকে বাইরের বা প্রান্তীয় অংশের দিকে অগ্রসর হয়। প্রথমে শিশুর ধড় ও বৃহৎ পেশির ওপর নিয়ন্ত্রণ গড়ে ওঠে; পরে হাত, আঙুল ও সূক্ষ্ম পেশির ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। যেমন, শিশু প্রথমে পুরো হাত ব্যবহার করে কোনো বস্তু ধরতে শেখে, পরে আঙুলের সূক্ষ্ম নড়াচড়ার মাধ্যমে ছোট বস্তু ধরতে সক্ষম হয়। এই ধারাকে কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ বলা হয়।
৫. বিকাশের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য পরিলক্ষিত হয় (Individual Differences in Development)
প্রত্যেক ব্যক্তির বিকাশের গতি, মাত্রা ও বৈশিষ্ট্য এক রকম নয়। একই বয়সের দুই শিশুর মধ্যে শারীরিক বৃদ্ধি, ভাষা শেখা, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা, সামাজিক আচরণ বা আবেগীয় পরিপক্বতার ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে। বংশগতি, পরিবেশ, স্বাস্থ্য, পারিবারিক পরিস্থিতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার ভিন্নতার কারণে এই পার্থক্য সৃষ্টি হয়। তাই প্রত্যেক শিশুর বিকাশকে তার নিজস্ব বৈশিষ্ট্য ও গতির আলোকে বিবেচনা করা প্রয়োজন।
৬. সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয় (Development Proceeds from General to Specific)
বিকাশের প্রাথমিক পর্যায়ে শিশুর আচরণ ও শারীরিক নড়াচড়া সাধারণ প্রকৃতির হয়। ধীরে ধীরে সেই আচরণ আরও নির্দিষ্ট ও সূক্ষ্ম রূপ লাভ করে। যেমন, প্রথমে শিশু হাত-পা নাড়ানোর মতো সাধারণ আন্দোলন করে, পরে নির্দিষ্টভাবে কলম ধরা, লেখা বা কোনো বস্তু ব্যবহার করতে শেখে।
৭. বিকাশের বিভিন্ন দিক পরস্পর সম্পর্কযুক্ত (Different Aspects of Development are Interrelated)
শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও ভাষাগত বিকাশ একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। একটি ক্ষেত্রে পরিবর্তন অন্য ক্ষেত্রের বিকাশকেও প্রভাবিত করতে পারে। যেমন, সুস্থ শারীরিক বিকাশ শিশুর খেলাধুলা ও সামাজিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে পারে। তাই ব্যক্তির বিকাশকে সামগ্রিকভাবে বিবেচনা করা প্রয়োজন।
৮. বিকাশের হার সর্বত্র সমান নয় (Rate of Development is Uneven)
বিকাশের গতি সব সময় একই থাকে না। কোনো সময়ে শিশুর শারীরিক বৃদ্ধি দ্রুত হতে পারে, আবার অন্য সময়ে ভাষা বা বুদ্ধিবৃত্তিক বিকাশ তুলনামূলকভাবে বেশি লক্ষ করা যেতে পারে। এমনকি একই ব্যক্তির বিভিন্ন ক্ষেত্রেও বিকাশের হার ভিন্ন হতে পারে। তাই বিকাশকে একটি সমান গতির সরল প্রক্রিয়া হিসেবে দেখা যায় না।
৯. বিকাশ পূর্বানুমানযোগ্যতা (Development is Predictable to Some Extent)
বিকাশ নির্দিষ্ট ক্রম অনুসরণ করায় অনেক ক্ষেত্রে ভবিষ্যৎ বিকাশের সম্ভাব্য ধাপ সম্পর্কে ধারণা করা যায়। যেমন, স্বাভাবিক পরিস্থিতিতে শিশুর বসা, দাঁড়ানো ও হাঁটার ক্ষেত্রে একটি সাধারণ ক্রম দেখা যায়। তবে ব্যক্তিগত পার্থক্যের কারণে প্রত্যেক শিশুর ক্ষেত্রে একই সময়ে একই বিকাশ ঘটবে—এমন নিশ্চয়তা নেই।
১০. বিকাশ পরিমাণগত ও গুণগত উভয় ধরনের (Development Involves Quantitative and Qualitative Changes)
বিকাশের ফলে শুধু উচ্চতা, ওজন বা শব্দভাণ্ডারের মতো পরিমাণগত পরিবর্তনই ঘটে না; চিন্তাভাবনা, যুক্তি, সমস্যা সমাধান ও সামাজিক আচরণের গুণগত পরিবর্তনও ঘটে। অর্থাৎ বিকাশের মধ্যে বৃদ্ধি বা পরিমাণগত পরিবর্তনের পাশাপাশি আচরণ ও ক্ষমতার প্রকৃতিতেও পরিবর্তন আসে।
১১. বিকাশের প্রতিটি পর্যায়ের নিজস্ব বৈশিষ্ট্য থাকে (Each Stage has Distinctive Characteristics)
শৈশব, বাল্যকাল, কৈশোর ও প্রাপ্তবয়স্কতার মতো বিভিন্ন পর্যায়ে ব্যক্তির চাহিদা, আচরণ, আগ্রহ ও সক্ষমতার মধ্যে পার্থক্য দেখা যায়। তাই শিক্ষাদান ও পরিচর্যার ক্ষেত্রে ব্যক্তির বিকাশের পর্যায় বিবেচনা করা গুরুত্বপূর্ণ।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, বিকাশ হল একটি ধারাবাহিক ও সারা জীবনব্যাপী প্রক্রিয়া যেটি শিশুবা ব্যক্তির জীবনের সমস্ত রকম পরিবর্তনকে নির্দেশ করে থাকে। তাই মানুষের জীবনের একটি অন্যতম বিশেষ দিক হল বিকাশ।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Definitions of Development
- Internet Sources
প্রশ্ন – বিকাশ কাকে বলে education
উত্তর – বিকাশ কথাটি শিক্ষাবিজ্ঞানে একটু অন্যভাবে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষাবিজ্ঞানের বিকাশ বলতে বোঝার শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ কে। এই বিকাশ গুণগত ও পরিমাণগত উভয় প্রকৃতির হয়ে থাকে।
প্রশ্ন – ভাষার বিকাশ কাকে বলে
উত্তর – বিকাশের ক্ষেত্রে একটি অন্যতম দিক হল ভাষাগত বিকাশ বা ভাষার বিকাশ। অর্থাৎ শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়সের পর যথাযথ ভাষার বা কথা বলার বিকাশকে ভাষার বিকাশ বলা হয়ে থাকে। এর ফলে শিশুরা যথাযথ বাক্য গঠন করতে পারে ও কথা বলতে পারে।
প্রশ্ন – দৈহিক বিকাশ কাকে বলে
উত্তর – দৈহিক বিকাশ হল শিশুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যথাযথ বিকাশ সাধন। এর ফলে শিশুরা শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ গুলির যথাযথভাবে ব্যবহার করতে পারে।
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Personality






সত্যি বলতে এই ওয়েবসাইটটি আমার অত্যন্ত প্রিয় একটি ওয়েবসাইট। আমি যখনই কোন প্রশ্নের উত্তর খুঁজে পাই না তখন আমি এই ওয়েবসাইটটিতে এসে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই। এবং এই ওয়েবসাইটটিতে সমস্ত প্রশ্ন পয়েন্ট করে লেখা থাকে বলে পড়তে খুবই সুবিধা হয়।